প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
ঢাকায় চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

রাজধানীর মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।
ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই আরেকজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এতে উপস্থিত অনেকেই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপরতা বাড়িয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ ধারণা করছে প্রাথমিক তদন্তে এটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে । জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV